Monday, January 16, 2017

ফাঁসির দণ্ড পাওয়ার পর আইনজীবীকে যা বললেন নূর হোসেন



প্রায় তিন বছর পর নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলায় ২৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে রায়ে বাদিপক্ষ সন্তোষ প্রকাশ করলেও ন্যায়বিচার পাননি বলে দাবি করেছেন মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন।
সোমবার সকালে রায় ঘোষণার পর দুপুরে আদালত চত্বরে সাংবাদিকদের নূর হোসেনের এ প্রতিক্রিয়ার কথা জানান তার আইনজীবী এম এ রশীদ ভূঁইয়া।
আইনজীবী জানান, নূর হোসেন বলেছেন, আদালত দেশের পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী এ রায় দিয়েছেন। তাতে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তাই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন নূর হোসেন। সেখান থেকে খালাস পাবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
এর আগে সকালে এ দুই মামলায় রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। রায়ে চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদসহ ২৬ আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত।
এছাড়া বাকি আসামির মধ্যে ৩ জনকে ১৭ বছর ও ৫ জনকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় মামলার ৩৫ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ২৩ জন আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৭ জন র‌্যাবের সাবেক সদস্য। মামলার শুরু থেকেই র‌্যাবের সাবেক ৮ সদস্যসহ ১২ আসামি পলাতক।

0 comments:

Post a Comment